গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আবারও আলোচনায় উঠে এসেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব। দল থেকে বহিষ্কার করা হলেও এলাকায় তার প্রভাব ও দাপট কমেনি বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রাজিবের নেতৃত্বে একটি শক্তিশালী গ্যাং সক্রিয় রয়েছে। এই গ্যাংয়ের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
সূত্র জানায়, কিছুদিন আগেই এক সাংবাদিকের সঙ্গে অসদাচরণের ঘটনায় রাজিব ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তাতেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ।
সর্বশেষ, মাদকাসক্ত রাজিবের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুলফিকার আলী জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি কোনাবাড়ী থানা পুলিশের সামনেই ঘটে বলে জানা গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয়দের প্রশ্ন—আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে?
এদিকে, এলাকাবাসী দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।