অশ্রুসিক্ত চোখের জলে রকেট (বাঁশ ও বারুদ দিয়ে তৈরী) নিক্ষেপের মাধ্যমে অগ্নি সংযোগ, আলং নৃত্য, রথটান ও বর্নিল আতশবাজি সহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী কলাপাড়ায় শেষ হয়েছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোরের তিনদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। শনিবার শেষ বিকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া গ্রামে অগ্নিসৎকারের মাধ্যমে এ উৎসবের সমাপ্ত করা হয়। এ উৎসব উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগমন ঘটে শত শত বৌদ্ধ ভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর। অগ্নিসৎকারের সময় রাখাইন সম্প্রদায় সহ স্থানীয় হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয় ওই এলাকা। সন্ধ্যার পরে বর্নিল আতশবাজি মেতে ওঠে তারা।
তুলাতলীপাড়া গ্রামের উকোইন্দা মহাথেরো (৮৭) গত বছরের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়েছিলো।