পটুয়াখালীতে প্রতিনিয়ত প্রকট হচ্ছে তেল সংকট। চাহিদার তুলনায় সরবারহ কম থাকায় সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলে সহ মৎস্য সংশ্লিষ্টরা। এছাড়া বাস, ট্রাক ও মোটরসাইকেল চালক থেকে শুরু করে বিভিন্ন পরিবহন এবং ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। চাহিদার তুলনায় ডিজেল না পাওয়ায় গত এক সপ্তাহে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেনি অনেক জেলে। দেশের বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা রয়েছে শত শত মাছধরা ট্রলার। এদিকে পাম্পগুলোতে একেবারেই পাওয়া যাচ্ছেনা অকটেন। এছাড়া পেট্রোল দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে মোটরসাইকেল চালকরা পাচ্ছেন মাত্র ১০০ থেকে ২০০ টাকার পেট্রোল। তেলের এমন সংকটে সকাল থেকে জেলার ৭ টি পাম্পেই যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে।